Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে পৃথক অভিযানে আসাবুর বাহিনীর প্রধান আটক, জিম্মি জেলে উদ্ধার

দস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা আটক।

বাগেরহাট: সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে কুখ্যাত দস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫) কে আটক করা হয়েছে। একই সঙ্গে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি দস্যুদের হাতে জিম্মি থাকা এক জেলেকেও জীবিত উদ্ধার করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লেফটেন্যান্ট এম এইচ রিফাত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবনে বনদস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক জেলেকে জিম্মি করে রেখেছে আসাবুর বাহিনী।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কোস্টগার্ড মোংলা ও নলিয়ান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কাঠের নৌকা ও জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বনের গহিনে পালিয়ে যায়।

পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টায় দাকোপের মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়।

আটক আসাবুর সানা খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানায়, এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বরও আসাবুরকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল, পরে জামিনে মুক্তি পেয়ে সে আবারও সুন্দরবনে দস্যুতা শুরু করে।

অন্যদিকে, শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকির নিয়মিত টহল চলাকালে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। সে সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ডাকাত দল শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকরা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লেফটেন্যান্ট এম এইচ রিফাত বলেন, ‘সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’