ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি পেট্রোল পাম্পে চাকরি করতেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন বিকেলে মারা যান তিনি।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রায়হান জানান, ফ্লাইওভার ব্রিজের সায়দাবাদ অংশে মোটরসাইকেলসহ আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি। তখন অনেক পথচারী দাঁড়িয়ে তার ভিডিও করছিল। কিন্তু কেউ তুলে হাসপাতালে নিচ্ছিল না। তখন তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। আহত অবস্থায় ওই ব্যক্তি নিজের নাম পরিচয়ও জানিয়েছেন। এর পর তার পরিবারকে খবর দেওয়া হলে তারা হাসপাতালে যান। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে সেটি কারও জানা নেই।
স্বজনরা জানান, তার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম আফতাব। বর্তমানে যাত্রাবাড়ী রসূলপুর এলাকায় থাকতেন। সেখানে একটি পেট্রোলপাম্পে চাকরি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।