ঢাকা: ১২ জন অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই ১২ জন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এ ছাড়া চার যুগ্মসচিবকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকেও তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
যে ১২ জন অতিরিক্ত সচিবকে অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন- মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান এবং মেহেদী হাসান।
আর বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিবরা হলেন- মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।
উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা ঘটছে। একইভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।