Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুর কারাগারে বন্দিদের ২ পক্ষের সংঘর্ষ, নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১৫:৪৩

জামালপুর: জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আরও চার বন্দিসহ আহত হয়েছেন সাতজন। এ ঘটনায় গুরুতর আহত চার বন্দি ও তিন কারারক্ষীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) কারাগারের ভেতরে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে নিহত বন্দিরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তারা সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা। সংঘর্ষে আহত কারারক্ষীরা হলেন- জাহিদুল ইসলাম, সাদেক ও রোকনুজামান।

কারা কর্তৃপক্ষ জানায়, জামালপুর জেলা কারাগারে বন্দি আছেন ৬৬৯ জন, তাদের মধ্যে সাজাপ্রাপ্ত রয়েছেন ১০০ জন। এছাড়া এই কারাগারে কোনো জঙ্গি কয়েদি নেই।

বিজ্ঞাপন

কারাধ্যক্ষ আবু ফাতাহ বলেন, দেশের অস্থিতিশীল পরিবেশের মধ্যে কারাগারে বিদ্রোহ করা নিয়ে বন্দিদের মধ্যে দুইটি পক্ষ তৈরি হয়। পরে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষ ঠেকাতে গেলে বন্দিরা প্রথমে জেলারকে মারধর ও জিম্মি করে কারাগার থেকে বের হবার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে কারারক্ষীরা।

পরে বিক্ষুব্ধ বন্দিরা কারাগারের ভেতরের দুইটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেইটের ভেতরে একটি গেইট ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। বন্দিদের কাছে জিম্মি হয় ১৪ কারারক্ষী।

পরে কারাগার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সন্ধ্যায় জিম্মি কারারক্ষীদের ফেরত দেয় বন্দিরা। রাত ৩টায় কারাগারের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় কারা কর্তৃপক্ষ।

জেলার আবু ফাতাহ বলেন, সংঘর্ষে চলাকালে কারাগারে ১০ জন বন্দি আহত হন। তাদের মধ্যে পাঁচ জন কারাগারের ভেতরেই মারা যান, হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

কারাগারের ক্ষতিগ্রস্ত ফটক ও ভেতরে অন্যান্য ভবন দ্রুত মেরামতের জন্য গণপূর্ত বিভাগ কাজ শুরু করেছে।

সারাবাংলা/এনইউ