চট্টগ্রাম ব্যুরো: ধর্মীয় উপাসনালয়ে নাশকতা সৃষ্টি করে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (১০ আগস্ট) বিকেলে নগরীর কাতালগঞ্জ নব পন্ডিত বৌদ্ধ বিহার, করুনাময়ী কালীবাড়ি ও রাধামাধব মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে উল্লেখ করে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয় গুলোতে হামলার অপচেষ্টা এবং বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা।’
তিনি বলেন, ‘স্বৈরাচারী হাসিনার পতন হলেও ভিন দেশীয় ইন্ধনে তাদের প্রেতাত্মা ও দোসররা নানারকম চক্রান্তে লিপ্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয় গুলোতে নাশকতা সৃষ্টি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে সকল ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত আছে।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কেউ করতে পারবে না। সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য।’
এসময় নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, সিহাব উদ্দিন মোবিন, শওকত আজম খাজা, সালাউদ্দীন কায়সার লাভু, মো. ইদ্রিস আলী, এম এ হালিম বাবলু, জাফর আহমেদ, আসিফ চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু ও ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা নব পন্ডিত বিহারের অধ্যক্ষ উপানন্দ মহাথের, রাধামাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন দাস গুপ্ত ভানু ও করুনাময়ী কালী বাড়ি মন্দিরের বিপ্লব চৌধুরীর সঙ্গে দেখা করে নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় তারা ভিন্ন ধর্মালম্বীদের মন্দির, বৌদ্ধ বিহার, বাসাবাড়ি এবং বিরোধীমতের সবাইকে বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার কথা জানান।