Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগবিতণ্ডার জেরে প্রাইভেটকার চালককে পিষে মারল কাভার্ডভ্যান চালক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ১৩:০১

ফাইল ছবি

ঢাকা: হঠাৎ ব্রেক করার কারণ জানতে চাওয়ায় রাজধানীর কাওলায় কথা কাটাকাটির এক পর্যায়ে কাভার্ডভ্যান চাপায় সিভিল এভিয়েশনের এক প্রাইভেটকার চালককে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে কাওলা সিভিল এভিয়েশনের স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুজ্জামান হাওলাদার (৪০) বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি চালক ছিলেন।

নিহতের সহকর্মী শামসুজ্জামান জানান, নুরুজ্জামান সিভিল এভিয়েশন কোয়ার্টারে থাকেন। সকালে প্রাইভেটকার নিয়ে বের হন। কোয়ার্টারের ভেতরের রাস্তাতেই তার গাড়ির সামনে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে ইউটার্ন নিচ্ছিলো। এ কারণে নুরুজ্জামান নিজের গাড়ি থেকে নেমে কাভার্ডভ্যানের সামনে গিয়ে চালককে হঠাৎ ব্রেক করার কারণ জানতে চায়। এসময় দুইজনের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কাভার্ডভ্যানটি তার উপর উঠিয়ে দেয় চালক।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন নুরুজ্জামান। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢামেকে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নুরুজ্জামান হাওলাদারের মামা নজরুল ইসলাম জানান, নুরুজ্জামানের বাবার নাম ইসমাইল হোসেন হাওলাদার। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার পিংলাকাঠি হাজীপাড়ায়। তিন সন্তানের জনক তিনি। পরিবার নিয়ে সিভিল এভিয়েশনের কোয়ার্টারে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ
বিজ্ঞাপন

আরো