Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

সারাবাংলা ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেবেন।

সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তবে প্রধান উপদেষ্টার যাত্রার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন। সফরে জাতিসংঘের মূল অধিবেশনের বাইরে সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন তিনি।

সফরের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনজিএতে তার সফরসূচি নিয়ে আলোচনা করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ।

বিজ্ঞাপন

ভারতে শেখ হাসিনা কী হিসেবে অবস্থান করছেন— এমন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এটা বরং ভারতীয়দের জিজ্ঞাসা করুন। লাল পাসপোর্ট স্বয়ংক্রিভাবে বাতিল হয়েছে। তাই ভারতীয়দেরই জিজ্ঞাসা করুন যে কী স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।’

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনে আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে বলে জানান উপদেষ্টা। রেলওয়ে খাতসহ ভারতের সঙ্গে সাম্প্রতিক সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত চুক্তি নয়। সেগুলো বহাল রাখার আইনি বাধ্যবাধকতাও নেই। জাতীয় স্বার্থ রক্ষার জন্য এ ক্ষেত্রে সবসময় পর্যালোচনার সুযোগ রয়েছে। বাসস।

সারাবাংলা/টিআর
বিজ্ঞাপন

আরো