Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি একরাম কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১৪:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। একইদিন সকাল সোয়া ৭টার দিতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম।

এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৭।

র‍্যাব জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। সে সময় নোয়াখালীর সোনাপুর-মাইজদী সড়কের দত্তের হাট এলাকায় হরতালের সমর্থনে বের করা মিছিলে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে মো. খোকন (১৭) নামে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর নিহত খোকনের বাবা মজিবুল হক নোয়াখালী জেলার সুধারাম থানায় একরামুল করিমসহ ৫৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম সারাবাংলাকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে খুলশী থানার আবদুল মালেক লেন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একরামুলের কাছ থেকে ১০ লাখ টাকা, ১৬ হাজার ২০০ ডলার, দুই হাজার ১২৪ সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়।

তার বিরুদ্ধে নোয়াখালীর কবিরহাট থানায় অস্ত্র আইনে একটি, সুধারাম থানায় একটি হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলা, সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা আছে।

সারাবাংলা/ইআ