Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবের হোসেন ও নজিবুর রহমান রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ০৭:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির এক কর্মী হত্যার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গত অক্টোবরে নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হত্যার মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।

এর আগে, সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে কড়া পুলিশ পাহারায় বেলা তিনটার দিকে সিএমএম আদালতের হাজতে আনা হয়। পরে তাকে পল্টন থানায় দায়ের করা বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে সাবের হোসেন চৌধুরীর পক্ষে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামের বিএনপির এক কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন।

এদিকে সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত‌।

নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৭০৪ জনের বিরুদ্ধে মামলা হয়।

ছাত্রদলের সাবেক সদস্য মো. আব্বাস আলী বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর হত্যা মামলা করেন।

যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় রোববার আটক হওয়া নজিবুর ও আমিনুল ইসলাম খানকে গ্রেফতার দেখানো হয়।

নজিবুর রহমান ও আমিনুল ইসলাম খানকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত নজিবুর ও আমিনুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ