Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১২:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে গাছের চারা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ‘গিভ অ্যান্ড টেক সেশন-২’ শীর্ষক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপস্থিত ছিলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. রুমানা রানা, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, ক্লাবের উপদেষ্টা ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ক্লাবের সভাপতি এস এম নুহাশ ইসলাম ও সাধারণ সম্পাদক একরামুল হক এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ড. মো. রেজাউল করিম বক্তব্যে বলেন, রাস্তাঘাটে প্লাস্টিক বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশের সৌন্দর্য নষ্ট ও প্রকৃতি হুমকির মুখে পড়ছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ব্যবহৃত এসব প্লাস্টিকের বদলে গাছের চারা উপহার দেওয়া হচ্ছে। এ কর্মসূচি পালনের মাধ্যমে পরিবেশবান্ধব মানসিকতার সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, গাছ আমাদের পরম বন্ধু। একেকটা গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। গাছ একদিকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অন্যদিকে আমাদের অক্সিজেন দিচ্ছে। প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা দেওয়া একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। আমি এ ধরনের কর্মসূচিকে স্বাগত জানাই। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।

বক্তব্য শেষে ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেন। সেই সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাকে ক্লাবের পক্ষ থেকে গাছের চারা উপহার দেওয়া হয়।

সারাবাংলা/এনজে/ইআ