Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৭:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের সাতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে।

জানা গেছে, আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করা অন্য সদস্যরা হলেন- হাসানাত আবদুল্লাহর প্রয়াত স্ত্রী সাহান আরা আবদুল্লাহ, হাসানাতের তিন ছে‌লে- এফবিসিসিআইয়ের সা‌বেক পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, সাদিক আব্দুল্লাহর সহধর্মিণী লিপি আব্দুল্লাহ ও তা‌দের পরিবারের আরেক সদস্য ফি‌রোজা সুলতানা।

বিজ্ঞাপন

হিসাব জব্দ করা এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব স্থগিত থাকায় আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

নির্দেশনায় লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের সাত সদস্যের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, যে-সব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল- যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

উল্লেখ্য, আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

সারাবাংলিা/জিএস/ইআ