Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সারাবাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪ ১২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর: জেলার পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে থাকা একটি যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ওই বাসের সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ছিল বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার সুমন হোসেন (৩০), মো. ইউসুফ মিয়া (৪৫) ও হৃদয় হোসেন (২৩)। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফিলিং স্টেশনের ম্যানেজার আলআমিন জানান, নিহত তিনজন সিএনজি অটোরিকশাচালক। আহতরা বাস ও সিএনজি অটোরিকশাচালক। তারা সবাই ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

রনজিত কুমার আরও বলেন, ‘বাসের গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কয়েকজনের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

সারাবাংলা/এনজে