Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওপেনিং ছেড়ে ৪ নম্বরে ফিরছেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি ব্যাটিং করেছেন ৪ নম্বর পজিশনে। অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথের প্রায় সব সাফল্যই এসেছে এই পজিশনে। তবে সাম্প্রতিক সময়ে দলের হয়ে ওপেনিংয়ে নেমে বেঁধেছে গোলমাল। ওপেনিংয়ে চরমভাবে ব্যর্থ স্মিথ এবার ফিরছেন নিজের চিরচেনা পজিশনে। অস্ট্রেলিয়ান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, আসন্ন ভারত সিরিজেই ৪ নম্বর পজিশনে ব্যাটিং করবেন স্মিথ।

গত গ্রীষ্মে ডেভিড ওয়ার্নারের অবসরের পর টেস্টে ওপেনিং করার প্রস্তাব দেওয়া হয় স্মিথকে। সেই প্রস্তাব গ্রহণ করে ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন তিনি। তবে ওপেনিংয়ে নেমে সময়টা একদমই ভালো কাটেনি তার। সব মিলিয়ে ৮ ইনিংসে ২৮.৫০ গড়ে মাত্র ১৭১ রান করেছেন স্মিথ। এই রানখরার কারণে স্মিথের ব্যাটিং পজিশন নিয়ে এরই মাঝে উঠেছে নানা প্রশ্ন।

বিজ্ঞাপন

এই সময়টায় স্মিথের বদলে ৪ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন ক্যামেরন গ্রিন। তবে ভারতের বিপক্ষে সিরিজের আগে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি। আর এতেই নিজের প্রিয় পজিশনে ফেরার সুযোগ পাচ্ছেন স্মিথ।

বেইলি বলছেন, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে আগের পজিশনে ফিরছেন স্মিথ, ‘গ্রিনের ইনজুরির আগে থেকেই কামিন্স, অ্যান্ড্রু ও স্মিথ নিজেদের মাঝে এই বিষয়ে আলোচনা করেছেন। স্মিথ নিজেই ওপেনিং থেকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। অধিনায়ক ও কোচ তাকে নিশ্চিত করেছিলেন যে তিনি নিজের আগের পজিশনে ফিরবেন। এখন আমাদের ওপেনিংয়ের পজিশনটা পূরণ করতে হবে।’

আগামী ২২ নভেম্বর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এই সিরিজের আগেই তাই উসমান খাজার ওপেনিং পার্টনার খুঁজতে হবে অজিদের। এই পজিশনের জন্য এগিয়ে আছেন ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস ও স্যাম কনস্টাস।

সারাবাংলা/এফএম