Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির কার্যালয় ভাঙচুর, আ.লীগ নেতা ডাবলু ৬ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এই আদেশ প্রদান করেন।

মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার ডাবলু সরকারকে আদালতে তোলা হলে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা সাত দিন রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহার সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ আগস্ট নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৫ অক্টোবর রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত আলী রায়হান হত্যা মামলায় তাকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে আবার আদালতে হাজির করা হয়।

সারাবাংলা/এইচআই