Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিসিবির পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা ও চট্রগ্রাম নগরীতে বৃহস্পতিবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হচ্ছে। কার্ডধারী পরিবারের বাইরে সাধারণ ভোক্তারা টিসিবির ট্রাক সেল থেকে ন্যায্যমূল্যে চাল, তেল ও ডাল কিনতে পারবেন।

বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির প্রধান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান। ওই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল ও খাদ্য অধিদফতরের সরবরাহ করা চাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়) এলাকা থেকে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরে কার্যক্রম বাড়ানো হতে পারে।

ভোক্তারা একেকজন সর্বোচ্চ দুই লিটার তেল প্রতি লিটার ১০০ টাকা, ৬০ টাকা কেজি দরে দুই কেজি ডাল ও ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন টিসিবির এই কার্যক্রমের আওতায়।

সারাবাংলা/ইএইচটি/ইআ