Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিজারের সময় ‘মাথা কেটে’ নবজাতকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৯:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment
ঢাকা: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের সময় মাথা কেটে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্বজনরা  অভিযোগ জানিয়েছে। তাদের দাবি চিকিৎসক-নার্সদের অবহেলা ও অসাবধানতায় শিশুটির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। শিশুটির বাবার নাম রাশেদুল ইসলাম। তারা হাসপাতাল সংলগ্ন মুগদা এলাকারই বাসিন্দা।
মৃত নবজাতকের চাচা নাজমুস সাকিব বলেন, ‘মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে আমার ভাইয়ের বাচ্চার মৃত্যু হয়েছে। সিজার করতে গিয়ে বাচ্চার মাথার ওপরে ও নিচে দুই জায়গায় অনেকটা কেটে ফেলা হয়েছে। হয় যারা সিজার করেছেন তাদের পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা ছিল না, নাহলে চিকিৎসক ছাড়াই অন্যান্য কোনো স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই কাজ করানো হয়েছে।’ নবজাতকের মৃত্যুতে তার স্বজনরা ডা. সালমা এবং ডা. লোপা নামে হাসপাতালটির দুই চিকিৎসককে দায়ী করছেন।
ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নাজমুন নাহারের বাবা ফজলে রাব্বী বলেন, প্রসব ব্যথা উঠলে আমার মেয়েকে মঙ্গলবার সকালে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুরে সিজার করানোর কথা থাকলেও বিকেল পর্যন্ত বসিয়ে রাখা হয় ওই রোগীকে। পরে স্বজনদের দাবির মুখে সন্ধ্যায় সিজার করেন দুজন চিকিৎসক। কিছুক্ষন পর পরিবারের সদস্যদের হাতে মৃত নবজাতককে তুলে দেন চিকিৎসক।
তিনি বলেন, এ সময় দেখতে পাই নবজাতকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটার চিহ্ন। পরে হাসপাতালের পরিচালককে এ বিষয়ে জানানো হলে তিনি দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে জানতে চাইলে মুগদা জেনারেল হাসপাতাল পরিচালক ডা. এসএম হাসিবুল ইসলাম বলেন, ‘এখন আপনিও যা দেখছেন আমি তাই দেখছি। তদন্তের পর আমি বিস্তারিত জানাতে পারব।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসবি/এমপি