Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন দিতে ৩ দিনের আলটিমেটাম

ঢাবি করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদ জানিয়ে বয়সসীমা ৩৫ করে নতুন প্রজ্ঞাপন জারি করতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছে ৩৫ প্রত্যাশীরা। এ সময় দাবি মেনে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ‘জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ আমলে না নিয়ে চাকরিতে আবেদনের সময়সীমা ৩২ করার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ’ করে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দেন ৩৫ প্রত্যাশীরা।

বক্তারা বলেন, ‘আজকে চাকরিতে বয়সসীমা ৩২ করে জারি করা প্রজ্ঞাপন আমাদের সাথে প্রতারণার শামিল। আপনারা যদি নিজেরাই এটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কেন তদন্ত কমিটি গঠন করেছিলেন? তাহলে তদন্ত কমিটি কি অযোগ্য ছিলো? যদি তারা অযোগ্য হয়ে থাকে তাহলে আপনারা সেটা স্বীকার করুন। আর যদি আপনারা মনে করেন যে তারা যোগ্য ছিলো তাহলে তাদের সিদ্ধান্ত মেনে নিন। তারা ৩৫ কিংবা ৩৭ এর যে প্রস্তাবনা দিয়েছলেন সেটা মেনে নিয়ে গেজেট প্রকাশ করুন।

বিজ্ঞাপন

তারা বলেন, ‘আমরা রক্ত চাই না, আমরা সুষ্ঠু সমাধান চাই। আপনারা দাবি মেনে না নিলে ছাত্রসমাজ পুনরায় জেগে উঠবে। রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তখন এই দায়ভার আপনাদের ঘাড়েই পড়বে।’

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, ‘আমরা দীর্ঘ ১২ বছর ধরে ৩৫ এর জন্য আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আপনারা হুট করে ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করলেন। আপনাদের কমিটি যদি বিচক্ষণ হয়ে থাকে তাহলে ৩৫ কিংবা ৩৭ কেন আপনাদের পছন্দ হলো না? আপনারা কোন সাহসে ৩২ বছর করে প্রজ্ঞাপন করলেন? আপনাদের বিচক্ষণতা নিয়ে আমি প্রশ্ন তুলছি। আবার যদি বয়সমীমা ৩৫ করে গেজেট না আসে তাহলে বাকিটা মাঠে দেখতে পারবেন আপনারা।‘

সারাবাংলা/এআইএন/এইচআই