Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ২০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের মারধরের শিকার হয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের এক নেত্রী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর পর তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। তিনি সদ্য নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। আজ তার ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্রের পরীক্ষা ছিল।

সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জানান, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যায়। পরীক্ষা চলাকালীন পাশের সিটের বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারে। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা মিলে পরীক্ষা হলের বাইরে অবস্থান নেয়। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে উপস্থিত পুলিশে দেয়। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনের একটি মামলা আছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

সারাবাংলা/পিটিএম