Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরাঞ্চলবাসীদের আঞ্চলিকভাবে চিন্তা না করার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: উত্তরাঞ্চলবাসীকে আঞ্চলিকভাবে চিন্তা না করে জাতীয়ভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

উত্তরাঞ্চল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে তিনি উত্তরাঞ্চলবাসিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় তিনি উত্তরাঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানান। উপদেষ্টা নিয়োগে বিতর্ক প্রসঙ্গে জানতে চাইলে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চাই। দেশের প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন তাদেরকেই উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।’

চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে শারমীন এস মুরশিদ বলেন, ‘এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। আমি একটা কথা বলি আপনাদের, বিগত সময়ে ফরিদপুর থেকে কী পরিমাণ লোক এসেছে, ভরে গিয়েছিল না। আমরা সেই আঞ্চলিকতায় বিশ্বাস করি না। এই এলাকায় যতখানি, মেধা, শ্রম ও অর্থ দেব, তা অন্য এলাকাতেও দেব।’

এর আগে, শিল্পকলা একাডেমি হলরুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই-আগস্টে রংপুর বিভাগের শহিদ ৬৬ পরিবারের মধ্যে ৪৪ জনকে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো