Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র নিউজ-কন্টেন্ট নিষিদ্ধ করতে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৫:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে এই চ্যানেলের নিউজ এবং কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

রিটে তথ্য সচিব, ডাক, টেলিযোগাযোগ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, “রিপাবলিক বাংলা” একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল। এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ, কন্টেন্টসমূহ ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এই ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে। এই ভারতীয় টেলিভিশন চ্যানেল ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশের ভূখণ্ড থেকে চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার অপরাধমূলক ষড়যন্ত্রে (Criminal Conspiracy) লিপ্ত রয়েছে। এ ছাড়া এই ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ নিরন্তনভাবে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

রিটে আরও বলা হয়েছে, উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে। এই ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।

রিট বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া বাংলাদেশের জননিরাপত্তার স্বার্থে উক্ত বিদেশি টেলিভিশন চ্যানেলের সকল নিউজ, কন্টেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ও ব্লক করে দিতে হবে।

এর আগে, এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হলেও বাংলাদেশ সরকার উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় এবং উক্ত চ্যানেলের নিউজ ও কন্টেন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: ফেসবুক, ইউটিউব থেকে ব্লক না করার কারণে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

উক্ত রিট পিটিশনটি হাইকোর্টের কোর্ট-২০ (বিজয়) এ শীঘ্রই শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।

সারাবাংলা/কেআইএফ/ইআ