Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাটারিচালিত রিকশা চলাচলে আপাতত বাধা নেই: চেম্বার আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে আজ সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এ আদেশের ফলে আপাতত ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অনিক আর হক।

বিজ্ঞাপন

রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। এ সময় আদালতের অনুমতি নিয়ে নাগরিক সমাজের পক্ষে কথা বলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একইসঙ্গে ব্যাটারিচালিত এসব রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি যেসব স্থান থেকে ব্যাটারি চালিত রিকশা চার্জ করা হয়, সেসব অবৈধ চার্জিং স্টেশন বন্ধে বিদ্যুৎ বিভাগ কেন ব্যবস্থা নেবে না- রুলে সেটিও জানতে চাওয়া হয়‌

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট দায়ের করেন।

প্রসঙ্গত: বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। এসব ব্যাটারিচালিত রিকশার চলাচলের ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। অনেকে আহত হচ্ছেন, প্রাণহানির ঘটনাও ঘটছে।

সারাবাংলা/কেআইএফ/আরএস