Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মামলা-জটিলতা শেষে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মামলা প্রত্যাহার বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘তার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি  দেশে ফিরবেন।”

তিনি বলেন, ‘‘আমি যে উদ্দেশে লন্ডনে গিয়েছিলাম… ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশী ও বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।’’

বিজ্ঞাপন

তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন— জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আপনারা (দেশবাসী) ধৈর্য ধরেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে। এই বিজয়কে ফলপ্রসূ ও স্বার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।”

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি -তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।”

সারাবাংলা/এজেড/ইআ