Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হালদা থেকে ডলফিনের গলিত মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো : ছয় মাসের ব্যবধানে চট্টগ্রামের হালদা নদীতে আবারও একটি মৃত ডলফিন পাওয়া গেছে। পচে যাওয়ায় ডলফিনটির মৃত্যুর কারণ উদঘাটন করা যায়নি বলে জানিয়েছেন গবেষকরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার কাগতিয়া আজিমের ঘাট এলাকায় নদীতে মৃত ডলফিনটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় মৎস্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন।

ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া সারাবাংলাকে বলেন, ’৪৫ ইঞ্চি দীর্ঘ ডলফিনটির ওজন প্রায় ১৩ কেজি। ধারণা করা হচ্ছে এটি তরুণ বয়সী ডলফিন। বেশ কয়েকদিন আগে এর মৃত্যু হয়েছে। শরীর পচে গেছে। এজন্য মৃত্যুর কারণ উদঘাটন করা যায়নি। মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এ নিয়ে হালদা নদী থেকে ৪৩টি ডলফিনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন গবেষক মনজুরুল কিবরিয়া। এর আগে, সর্বশেষ চলতি বছরের ২৫ জুন হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

গাঙ্গেয় প্রজাতির ডলফিনের বিচরণ আছে চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীতে। ২০১৭ সাল থেকে কর্ণফুলী ও হালদা নদীর ডলফিন নিয়ে কার্যক্রম শুরু করেন গবেষকরা। তখন থেকে হালদা ও কর্ণফুলীতে মৃত ডলফিনের সংখ্যা গণনা শুরু হয়।

কর্ণফুলী ও হালদা নদীপাড়ের বাসিন্দারা স্থানীয়ভাবে একে হুতুম বা ‍শুশুক নামে অভিহিত করেন।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) গাঙ্গেয় ডলফিনকে বিপন্ন হিসেবে লাল তালিকায় রেখেছে। ২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুসারে এই প্রজাতিটি সংরক্ষিত।

সারাবাংলা/আরডি/এমপি