Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩, মৃত্যু আরও একজনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২১:৪৯

ফাইল ছবি: ডেঙ্গু

ঢাকা: বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৯৯ হাজার ৮৮৮ জন। এর মধ্যে ৯৮ হাজার ৯৯ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৫৮ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৫৩ জন ও নারী ৩০ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, এ বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৫৮ জন। এর মাঝে ৫১ দশমিক ৮ শতাংশ নারী ও ৪৮ দশমিক ২ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৫ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে তিন জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, খুলনা বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে আট জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে একজন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম