Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার প্রত্যর্পণ / বাংলাদেশের চিঠি পেয়ে ভারতের ‘নো কমেন্ট’

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। তবে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ভারতীয় কর্তৃপক্ষ।

সোমবার (২৩ ডিসেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে।

এতে বলা হয়, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত।

প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

বিজ্ঞাপন

তাদের প্রতিবেদনে বলা হয়, সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে। তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি জানান, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

সারাবাংলা/এইচআই