Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পূর্বাচলে শেখ পরিবারের ৬০ কাঠা প্লটের অনুসন্ধানে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা : রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্লট নেওয়া ৬ জন হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  তার ছেলে সজিব ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকী। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব প্লট শেখ পরিবারের নামে বরাদ্দ দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুদক জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি, রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। এ নিয়ে গণমাধ্যমে তথ্য প্রকাশ হলে বিষয়টি আমলে নিয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তারও আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছিল প্রতিষ্ঠানটি। ওই দুইটি অভিযোগই একই অনুসন্ধান টিম অনুসন্ধান করছে। তারা ইতোমধ্যে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করছে বলে জানা গেছে।

সারাবাংলা/জিএস/আরএস