Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য ও ২ নারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ২২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: জেলার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি, থ্রী পিস, কম্বল ও কসমেটিক্স সামগ্রীসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির ‍রুটিন আভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান, মালামালসহ পাচারচক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় বেনাপোল বিওপি, শিকারপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোট ১৮ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রী পিস, তৈরি পোশাক, কিটনাশক, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।’

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘অপর একটি অভিযানে শিকারপুর বিওপি টহলদল কর্তৃক পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে দুইজন বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।’

বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুণ ও যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যোগ এবং জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এ ছাড়া ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সারাবাংলা/এইচআই