Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান ইউনূস

সাারাবাংলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫ ১২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সময় প্রধান উপদেষ্টা ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের কাছে এই সহায়তা চান।

অধ্যাপক ইউনূস ক্রিস্টিন লাগার্ডেকে বলেন, ‘স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেররা শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে ও শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে।’

বিজ্ঞাপন

‘এটি ছিল একটি বিশাল ডাকাতি’ উল্লেখ করে তিনি বলেন, প্রথমে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেয় ও পরে যে ঋণ নিয়েছে, তা আর পরিশোধ করেনি।

লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানান ও তিনি সুপারিশ করেছেন যে, বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার ও দেশে ফেরানোর জন্য আইএমএফের সাহায্য নিতে পারে।

বৈঠকে তারা জুলাই বিপ্লব ও বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন। লাগার্ড বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি তার সমর্থনের কথাও ব্যক্ত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি