Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণমাধ্যম সংস্কার কমিশন ফ্যাসিবাদবিরোধী চেতনার পরিপন্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২৩:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গণমাধ্যম সংস্কার কমিশন ফ্যাসিবাদবিরোধী চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। তারই ধারাবাহিকতায় গণমাধ্যম সংস্কার কমিশন নামে যে কমিটি গঠন করা হয়েছে তা ফ্যাসিবাদবিরোধী চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় নেতারা এ মন্তব্য করেন।

তারা বলেন, বিগত ফফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের অনুমোদন পাওয়া টিভি চ্যানেলের মালিক এবং পলাতক ও খুনের মামলার আসামিদের সংস্কার কমিটিতে রেখে বাংলাদেশে ফ্যাসিবাদকে নির্মূল করা সম্ভব হবে না। বিগত সরকারের দোসররা এখনো প্রশাসনের সর্বস্তরে থেকে বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করে যাচ্ছেন। গণমাধ্যম সংস্কার কমিটির তালিকা প্রণয়নকারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার নিতে হবে। তারা ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টির লক্ষ্যে সুকৌশলে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

নেতারা বলেন, নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি না করে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য ও মনোবল নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। কারও কারও হঠকারিতা ও উচ্চাকাঙ্ক্ষার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে অর্জিত বিজয় যেন নস্যাৎ না হয়, সে বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

সভায় ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা এবং ২০১৮ ও ২৪ সালের পাতানো নির্বাচনের দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দল’র চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

আরো