Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, আহত মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ০৮:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীতে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরীর মা আসমা বেগম (৪০)।

সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌণে ১০টার দিকে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজার সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

হতাহত দুইজন চা দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে। নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা-পানের দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে গুরুতর আহতাবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার এক প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম হতে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থল বাড়িটি ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।

গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নীচতলায় কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেয়া। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন। নিহত মেয়ে তিথী স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। কে, কারা, কী কারণে তার স্ত্রী-সন্তানকে ঘরে ঢুকে হতাহতের ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না।

নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন জানান, কি কারণে, কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো