Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে বিচারক দেবী রানী রায় এ আদেশ দেন।

এর আগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আসামিপক্ষে আইনজীবী হিসেবে আদালতে শুনানিতে অংশ নেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট ইতফা আক্তার।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরির সেন্ট্রাল রোডের ডাক অফিসের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গতকাল রাতে পুলিশ কমিশনার মজিদ আলী জানান, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। এছাড়া তার বিরুদ্ধে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে গ্রেফতারের পর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বের করা হয় নুরুজ্জামান আহমেদকে। হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন; কেউ কেউ কিল-ঘুষি দেওয়ারও চেষ্টা করলে পুলিশ বাধা দেন।

সারাবাংলা/এমপি