Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি ছানোয়ারসহ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য দুইজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী উক্ত মামলায় এজাহারনামীয় ও এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী উক্ত মামলার তদন্তে প্রমাণিত আসামি।

বিজ্ঞাপন

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বসুন্ধরা আবাসিক এলাকা হতে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারীকে ও ছুলমাইদ এলাকা হতে মো. সালাউদ্দিন সালেককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি