Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেউ কেউ কৃত্রিম বিরোধ তৈরির চেষ্টা করছে: মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২১:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‘কেউ কেউ কৃত্রিম বিরোধ তৈরির চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগে স্কাইভিউ হোটেলে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

মির্জা আব্বাস বলেন, ‘‘আমরা যদি ইফতারের একটি টেবিলে এক সাথে মজা করি, এনজয় করি, তাহলে এক সাথে দেশকে এগিয়ে নিতে সমস্যা কী? আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে। হিংসা নিয়ে একসাথে এগিয়ে যাওয়া যায় না। তাই আগামী নির্বাচনে আমরা একসাথে কাজ করব।’’

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক। দেশের সকল মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে। দেশের মানুষের অধিকার, স্বাধীকার আন্দোলনে ও গণতন্ত্র প্রতিষ্ঠার সব চেয়ে বেশি ভূমিকা পালন করেছে ছাত্ররা।’’

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘জনকল্যাণমুখী সংস্কারের সাথে আমরাও একমত। আপনি খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করুন।’’

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘‘স্বৈরাচার পতনের পর এই অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের নিয়েও জনগণ এখন সন্তুষ্ট নয়। তাই বলছি, যতটুকু সংস্কার প্রয়োজন, তা দ্রুত শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিন।’’

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী সদস্য ইশরাক হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস
বিজ্ঞাপন

আরো