Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছেলের সঙ্গে বাড়ি ফিরলেন সুন্দরবন থেকে উদ্ধার হওয়া সেই বৃদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৭:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: অবশেষে ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বাড়ি ফিরলেন সুন্দরবন থেকে উদ্ধার হওয়া ষাটোর্ধ্ব বৃদ্ধা শুকুরুননেছা। শনিবার (১৫ মার্চ) সকালে মাকে নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

গণমাধ্যমে উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ওই বৃদ্ধার ছেলে রফিকুল ইসলামের। এরপরই যশোর জেলার মনিরামপুর থেকে সাতক্ষীরার শ্যামনগরে আসেন রফিকুল।

রফিকুল ইসলাম জানান, তার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। এর আগেও কয়েকবার মাকে হারিয়েছেন ও একবার এক বছর পরে মাকে খুঁজে পেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমরা একটি সম্ভ্রান্ত পরিবারের সদস্য। আমাদের গ্রামের বাড়ি খুলনার তেরখাদায়। আমার মামা সরকারি চাকরি করেন। বাবাও সরকারি চাকরি করতেন। আমার মা মানসিক ভারসাম্যহীন হওয়াতে বাবা দ্বিতীয় বিয়ে করেন। ফলে বাবার চাকরি চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে মা আমার সঙ্গে যশোরের মনিরামপুরে থাকতেন।

বিজ্ঞাপন

কবে থেকে মা নিখোঁজ এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, ‘এক মাস দশ দিন আগে আমি যশোরের মনিরামপুর থেকে গ্রামের বাড়ি খুলনার তেরখাদায় পারিবারিক একটি কাজে যাই। আমি যাওয়ার পর থেকে মা গ্রামের বাড়ি যাওয়ার ইচ্ছা পোষণ করে। এর একদিন পর আমার স্ত্রী খবর দেয় মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে আমি সেখানে যাই ও আশপাশে খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর বিভিন্ন আত্মীয়-স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েও মাকে খুঁজে পাইনি। শুক্রবার গণমাধ্যমে সংবাদ দেখে মায়ের খোঁজ পেয়েছি। তবে, বড় বড় নদী পার হয়ে কিভাবে গহীন সুন্দরবনে পৌঁছালেন, সেখানে কতদিন ছিলেন, কি খেলেন এসব বিষয়ে মা কিছুই বলতে পারছেন না।’

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, সুন্দরবন থেকে উদ্ধার হওয়া ওই নারীকে তার ছেলে রফিকুল ইসলাম শ্যামনগর থানা থেকে বাড়িতে নিয়ে গেছেন।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশে গাছের ডালে শুয়ে থাকতে দেখা ওই নারীকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার দুই জেলে।

আরও পড়ুন:

সুন্দরবনের গহীনে মিলল বয়স্ক নারী

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো