Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ক্লাব দখল নিয়ে সংঘর্ষ, বৈছাআ’র ৫ নেতার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ০৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় একটি ক্লাবের দখল উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে খুলনা সদর থানায় গণঅধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার (২০ মার্চ) রাতে মামলার বিষয়টি জানাজানি হয়। পঞ্চবীথি ক্লাবের দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী, নাজমুল হোসেন, মহররম মাহীম, শেখ রাফসান জানি ও রুমি রহমান। এ ছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের পর ক্লাবটি পুলিশ হেফাজতে রয়েছে। আহত একজন মামলা করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্ত করছে।’

উল্লেখ্য, নগরীর শান্তিধাম মোড়ে গণপূর্ত অধিদফতরের সরকারি ভবন পঞ্চবীথি ক্রীড়া চক্র নামে একটি ক্লাব ভবন দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয়। এর প্রতিবাদে গত ১৮ মার্চ সন্ধ্যার পর থেকেই উচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে বার্তা ছড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতাকর্মীরা।

এর পর রাত ৯টার দিকে তারা ভবন উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ক্লাব ভবনটি দখলের নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো