Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দল বা মার্কা দেখে নয়, কাজ দেখে ভোট দিবেন: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৭:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: বাংলাদেশের মানুষ আগামীতে দল বা মার্কা দেখে নয়, কাজ দেখে ভোট দিবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে কে কেমন কাজ করেছে মানুষের জন্য সেটাই প্রাধান্য পাবে। সেই কাজ দেখে ভোট দিবেন। জাতীয় নাগরিক পার্টি নিয়ে খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

সারজিস আলম বলেন, ‘বিগত দিনে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায়। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ আর একটা ভিজিডি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড, যে কাজেই তার কাছে যান না কেন তা হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না। যে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে, তাদেরকে আর এই বাংলাদেশে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন তাহলে বাকি ৫ বছরে সে আপনার রক্ত চুষে খাবে।

একই সঙ্গে দল বা মার্কার ওপর অন্ধ বিশ্বাস স্থাপন না করে সবাইকে কাজগুলোর ওপর নজর দিয়ে দল ও প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান। পথসভার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির পাশে সকলকে থাকার আহ্বান জানান তরুণ এই নেতা।

এর আগে তিনি ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সড়ক পথে পঞ্চগড়ে পৌঁছে জেলার ৫ উপজেলার উদ্দেশ্যে পথসভা শুরু করেন। এ সময় মানুষদের বিভিন্ন মতামত নেওয়ার চেষ্টাও করেন তিনি।

সারজিস আলম এনসিপির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আগমন করায় তাকে সংবর্ধনা দিচ্ছেন, ছাত্রজনতা, সাধারণ মানুষসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো