Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিনিয়োগ সামিটকে সফল করতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিনিয়োগ সামিটকে পূর্ণাঙ্গভাবে সফল করতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি।

চার দিনব্যাপী বিনিয়োগ সামিটের শেষ দিনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব ও বেজার মহাপরিচালক দয়ানন্দ দেবনাথ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাহিয়ান রহমান রচি বলেন, ‘বিনিয়োগ সামিটকে পূর্ণাঙ্গভাবে সফল করতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে এগিয়ে যাবে বিডা। এ রোডম্যাপ ১৮ থেকে ২৪ মাসের। সামিটে সেসব কোম্পানি ও ব্যক্তি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন, তাদের নিয়ে বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি করা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে সেই পাইপলাইনের তালিকা ধরে ফলোআপ কার্যক্রম পরিচালনা করা হবে। তখন আমরা তাদের কাছে জানতে চাইব, আপনারাতো বিনিয়োগ আগ্রহ দেখিয়েছিলেন। এখন কী অবস্থা? কোনো সমস্যা আছে কিনা? বিনিয়োগের চূড়ান্ত রূপ দিতে আর কী কী সহায়তা লাগবে?’

রচি বলেন, ‘তিনদিনের সম্মেলনে আমরা বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগের মিশন-ভিশন ও কালচারাল বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজ সারাদিন আমাদের এফডিআই হিটম্যাপ অনুযায়ী চারটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সকালে ডিজিটাল ইকোনমি, টেক্সটাইল ও গার্মেন্টস, হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা, এগ্রিকালচার ও এগ্রি প্রসেসিং, গ্রিন হাউজ ইম্প্যাক্ট, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে ফাইনান্সিং ইত্যাদির ওপর বেশ আলাপ-আলোচনা হয়েছে।’

তিনি জানান, এ ছাড়াও, কিছু ব্রেকআউট সেশন ছিল। এসব সেশনে বিদেশি বিনিয়োগকারীদের কী কী সম্ভাবনা আছে সেগুলো জানানোর পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে ম্যাচমেকিং তৈরি করে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের ট্যাগ করে একটি বিনিয়োগ পাইপ লাইন তৈরি করা।

নাহিয়ান রহমান বলেন, ‘এবারের বিনিয়োগ সামিটে ৪৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এখন পর্যন্ত হ্যাঙ্গার গ্রুপ ১৫০ মিলিয়ন, শপঅ্যাপ ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি করেছে। এদের বাইরেও অনেকে বিনিয়োগের কমিটমেন্ট করেছে।’

তিনি বলেন, ‘আগে বিনিয়োগকারীরা যেসব সমস্যার কথা বলতো, এখন তারা সংখ্যাটা কমিয়ে এনেছে। আমরাও বলি প্রতিবন্ধকতা আগের চেয়ে অনেক কমেছে। এরই মধ্যে আপনারা দেখেছেন- কোরিয়ান ইপিজেডে সমস্যাটি কীভাবে সমাধান হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব জানান, এবারের বিনিয়োগ সামিট অন্যবারের চেয়ে আলাদা। আগে শুধু সভা সেমিনারের মধ্যেই সীমাবদ্ধা ছিল। কিন্তু এবারের সামিটে সভা সেমিনারের পাশাপাশি বিটুবি, বিটুজি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলোচনার সুযোগ রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীরা এদেশে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ সম্ভবনা, সুযোগ ও চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়গুলো নিয়ে রাজনৈতিক সঙ্গে আলোচনা করেছেন। তারা তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জানতে চেয়েছে- বর্তমান সরকার চলে গেলে তারা এসব নীতি-পলিসি অব্যাহত রাখবে কি না?’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো