Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিগাতলায় চাঁদা আদায়কারী সেই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১১:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের সড়কে প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়কারী সেই যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আশরাফুল (২৩)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয় বলে পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আটক মো. আশরাফুল রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুরের চন্দ্রাগঞ্জ।

এর আগে, মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া চাঁদা আদায়ের ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা? এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান। কিন্তু ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?’ এসময় গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/ইআ