Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে যৌথ অভিযানে বস্তাভর্তি ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লবণের মাঠ এলাকায় যৌথ অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস. এম. জাহিদ হোসাইন (সি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল। চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নেওয়ার প্রস্তুতি চলছিল। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরী পাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি ইয়াবা বহন করে এগোতে থাকে। পরিস্থিতি বুঝে নৌবাহিনীর দলটি দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া করে এবং মাদকভর্তি বস্তাগুলো জব্দ করে। পরে ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে মোট পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

বিশেষ করে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত রাখতে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো