Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে সার না পেয়ে ফের গুদামে হট্টগোল-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১০

কুড়িগ্রাম: জেলায় সার না পেয়ে ফের গুদামে হট্টগোল ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ডিলার কাশেম ট্রেডার্স পয়েন্টে সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ৮টার পর থেকে মানুষজন সারের জন্য ডিলার পয়েন্টে জড়ো হয়। ঘন্টাখানেকেও ডিলার পয়েন্টের লোকজন না আসায় ৯ টার দিকে উপস্থিত জনতা সার না পেয়ে হট্টগোল শুরু করে। এসময় দোকানটির টিনের বেড়া কয়েকস্থানে ভাঙচুর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, গুদামে সার থাকার পরও ডিলারের লোকজন আসেননি। দেড় থেকে দুইশ লোক উপস্থিত ছিল। তারা হইচই করে ও একে অপরকে ধাক্কাধাক্কি করে। কেউ কেউ দোকান ঘরের বেড়ার টিন ভাঙচুর করে। তবে কেউ সার নিয়ে যায়নি।

বিজ্ঞাপন

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার জানান, দোকান ঘরে ভাঙচুর হয়নি। তবে দেড়-দুইশ মানুষ ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে। এতে বেড়ার টিন ভেঙে যায়। পরিস্থিতি স্বাভাবিক আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, লোকজন অস্থির হয়ে গেছে। সবাই একসঙ্গে সার চায়। এটা তো সম্ভব নয়। পরে ওসির উপস্থিতিতে সার বিতরণ করা হয়েছে।

এছাড়াও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনিবাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, ওখানে চারশ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু মানুষ উপস্থিত ছিল অনেক। তাতে ডিলার ভয় পেয়ে যায়। পরে আমি ও কচাকাটা থানার ওসিসহ উপস্থিত থেকে সার বিতরণ করা হয়। চাহিদা অনুযায়ী আরও ২০ টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। কাল পরশু বিতরণ করা হবে। তিনি বলেন, রাস্তা অবরোধের ঘটনা ঘটেনি। ছোট রাস্তা লোকজন দাঁড়ানোর কারণে এমনিতেই চলাচল বন্ধ হয়ে যায়। পরে সব স্বাভাবিক হয়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর