Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাথমিক বিদ্যালয়ে চুরির পর অগ্নিসংযোগ, নথি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৩

পুড়ে যাওয়া নথি

নীলফামারী: সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সরকারি প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে যায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা অফিসের পেছনে নির্মাণাধীন একটি মন্দির থেকে বাঁশের মই টেনে এনে দেয়ালের ভেন্টিলেটর ভেঙে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ওয়াই-ফাই রাউটার, অনু এবং সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে চুরির পরে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়িয়ে দেয় এবং দুটি স্টিলের আলমারি ভেঙে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভোরে এলাকাবাসী ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের ভেতরে ধোয়ার কুণ্ডলী দেখে বিদ্যালয় প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ৯৯৯-এ কল করে নীলফামারী সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।

এ বিষয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ উম্মে সালমা নাজনীন।

নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল বলেন, ‘আমাদের একটি বিদ্যালয়ে চুরি ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর