হিলি: দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ভারতীয় কসমেটিক্সসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের সিজারমূল্য ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ২৯ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীন খাঁনপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৫১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স, ১০ প্যাকেট বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ৩৬ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা ও ১২ প্যাকেট আগরবাতি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সর্বমোট সিজারমূল্য ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ‘ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।’