Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর মডেল থানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৪

চাঁপাইনবাবগঞ্জ: ‘খেলাধুলায় সম্পৃক্ততা, সমাজে সম্প্রীতি ও অপরাধমুক্ত পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। এর ফাইনালে নাচোল থানাকে ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। রানারআপ হয়েছে নাচোল থানা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা (পুরাতন) স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ২৮ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে সদর মডেল থানা।

বিজ্ঞাপন

জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, মো. একরামুল হক, ইয়াসির আরাফাত, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, খেলোয়াড় ও দর্শনার্থীরা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বাড়ানো, তরুণদের মাঠমুখী করা এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ঐতিহ্যবাহী কাবাডিকে জনপ্রিয় করার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর