চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি জব্দ করেছে নৌ-পুলিশ। লঞ্চের দুই স্টাফকে আটক করা হয়েছে।
নিখোঁজ রবিন হোসেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা মুকবিল-২ লঞ্চটি ষাটনল ঘাটে পৌঁছালে রবিন লঞ্চ থেকে নামেন। পরে নিজের ব্যাগ লঞ্চে রেখে আসার কথা মনে পড়লে তিনি আবার লঞ্চে ওঠেন। ব্যাগ নিয়ে ফেরার সময় লঞ্চটি পেছনের দিকে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ অবস্থায় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন তিনি।
লাফ দেওয়ার পর পন্টুনে উঠতে ব্যর্থ হয়ে রবিন মেঘনা নদীতে পড়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর লঞ্চটি মোহনপুর ঘাটের দিকে চলে গেলে নৌ-পুলিশ সেটি জব্দ করে। নিখোঁজ যুবককে উদ্ধারে নৌ-পুলিশ, থানা পুলিশ ও স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন।
তবে ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থলে ডুবুরি ও বিশেষ উদ্ধারকারী দল পৌঁছে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
চাঁদপুর নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, শুক্রবার বিকেল ৫টা ৫১ মিনিট পর্যন্ত রবিন হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।