গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বনলতা মিষ্টান্ন ভান্ডারের প্রোপাইটার তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন-সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানের খাদ্যপণ্য তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম দোকান মালিককে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার জন্য সতর্ক করেন।
তিনি বলেন, ‘অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করার বিষয়টি পুনরায় পাওয়া গেলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’