পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতে অনুপ্রবেশের সময় চার তরুণকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় তাদের আটক করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত ক্যাম্পের টহল দল।
এ সময় আরও তিনজন তরুণ বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে সকালে আটককৃত চরজনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায় শারিয়ালজোত ক্যাম্পের বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার বড়ো ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও তার ছোটো ছেলে মো. রাহান (১৩) এবং কুমিল্লা জেলার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহলদল সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভিতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশী তরুণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে।
এ সময় ১৮ বিজিবির শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সিকান্দার আলীর নেতৃত্বে টহল দল তাদের ধাওয়া করে। তারা পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তবে অন্য তিনজন পালিয়ে গেছেন। তারা কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। আমরা চারজনকে আটক করতে সক্ষম হই। তিনজন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক ও অনুপ্রবেশের বিষয়ে বিজিবি সদা তৎপর রয়েছে। আমাদের টহল দল ২৪ ঘন্টা সীমান্তে কাজ করে যাচ্ছে।’