সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছয় তরুণকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা-বগুড়া মহাসড়কের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের তালুকদার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ী এলাকার নাজমুল আকন্দ (১৯), পঞ্চসোনা এলাকার নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার মিরাজ মোল্লা (১৮), পূর্ব মোহনপুর এলাকার রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ী এলাকার শরিফুল ইসলাম (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামারখন্দ উপজেলার পলাশঙ্গা যুবশিবিরের পাশে সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৭ জন নেতা-কর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে তারা সেখান থেকে সটকে পড়েন। তাদের কয়েকজন তালুকদার বাজার এলাকায় আশ্রয় নিলে স্থানীয় লোকজন ছয় তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, আটক ছয়জনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।