কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে মা নিহত এবং বাবা আহত হওয়ার ঘটনায় ঘাতক পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে জেলা সদরের আড়াজী পলাশবাগী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম জেলা সদরের পলাশবাড়ী এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
মাদকাসক্ত ঘাতক পুত্রের নাম মুত্তাকীন আলম শোভন। নিহত মায়ের নাম পারুল বেগম ও আহত পিতার নাম সরদার আলী।
স্থানীয় ও পুলিশ জানায়, ওই এলাকার মুত্তাকীন আলম শোভন মাদকতাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি রিহ্যাব সেন্টারে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর রাখার পর শোভনকে বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন। কিন্তু বাড়িতে ফিরে আবারও মাদকাসক্ত হয়ে পড়লে বগুড়ার রিহ্যাব সেন্টারের লোকজন গতরাতে তাকে নিতে আসে। বিষয়টি টের পেয়ে ঘরের ভিতর ছুরি দিয়ে মা পারুল বেগমকে শোভন আঘাত করতে থাকলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার বাবা সরদার আলী এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান ঘাতক পুত্র। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা সরদার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘ছুরিকাঘাতের পর ঘাতক ছেলেকে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’