বেনাপোল: বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালনকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক ভ্যানচালককে আটক করেছে। আটক ভ্যানচালক মিয়ারাজ গাইন (২৭) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
শনিবার (১৭ অক্টোবর) রাত দেড়টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে মুরগিভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করে অস্ত্রের এ চালানটি আটক করা হয়। পোর্ট থানা পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি টহল দল ভবারবেড় নামক স্থানে মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় ওই স্থানে ভ্যানটি পৌঁছালে পুলিশ সেটার গতিরোধ করে তল্লাশিকালে ভ্যানচালকের সিটের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘অস্ত্রসহ একজন ভ্যানচালককে আটক করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ভ্যানচালকে যশোর আদালতে প্রেরণ করা হবে আজ।’