কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে ইজিবাইকে মালবোঝাই ট্রাকের ধাক্কা লাগার ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক এতে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইকে থাকা তিন যাত্রী। অপর যাত্রীদের গুরুতর আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের দুই শিশুসহ তিনজন। নিহতরা হলেন—রৌমারীর চতলাকান্দা গ্রামের মো. শহিদুলের স্ত্রী লিপি খাতুন (৩৩), তাদের দুই শিশুসন্তান রিশাদ (১২) ও তুবা (৭) এবং কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২)। নিহত ইজিবাইকচালকের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত বৃষ্টিকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত একই পরিবারের ওই তিনজন ময়মনসিংহ থেকে রৌমারীতে ফিরছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের টিএইচও ডা. আব্দুস সামাদ।